পৃষ্ঠা নং-১০২
পরও ‘উমরার জন্য দ্বিতীয়বার মীকাতে গমন করা তেমন অসুবিধার ব্যাপার নয়। কিন্তু এ সীমারেখার বাইরে থেকে যারা হজ্ব করতে আসে, তাদের জন্যে দু’টিকেই একত্রে আদায় করা জায়েয করে দেয়া হয়েছে। কেননা, এত দূর-দূরান্ত থেকে ‘উমরার জন্যে পৃথকভাবে ভ্রমণ করা খুবই কঠিন ও অসুবিধাজনক। সে সমস্ত নির্ধারিত স্থানসমূহকে মীকাত বলা হয়, যা সারা বিশ্বের হজ্বযাত্রিগণ যিনি যে দিক থেকে আগমন করেন, সেসব রাস্তার প্রত্যেকটিতে একটি স্থান আল্লাহ তা‘আলার পক্ষ থেকে নির্ধারিত করে দেয়া হয়েছে। যখনই মক্কায় আগমনকারীরা এ স্থানে আসবে, তখন হজ্ব অথবা ’উমরার নিয়তে ই‘হরাম করা আবশ্যক। ই‘হরাম ব্যতিত নির্ধারিত এ স্থান অতিক্রম করা গোনাহর কাজ। যেমন, বলা হয়েছে لَمْ يَكُنْ أَهْلُهُ حَاضِرِي الْمَسْجِدِ الْحَرَامِ ۚ -এর অর্থ তাই। অর্থাৎ, যাদের পরিবার-পরিজন মীকাতের সীমারেখার অভ্যন্তরে বসবাস করে না, তাদের জন্যে হজ্ব ও ‘উমরা হজ্বের মাসে একত্রে করা জায়েয।
অবশ্য যারা হজ্বের মৌসুমে হজ্ব ও ‘উমরাকে একত্রে আদায় করে, তাদের উপর এ দু’টি ‘ইবাদতের শুকরিয়া আদায় করা ওয়াজিব। তা হচ্ছে, কুরবানী করার সামর্থ্য যাদের রয়েছে তারা বকরী (ছাগল), গাভী, উট প্রভৃতি যা তাদের জন্য সহজলভ্য হয় তা থেকে কোন একটি পশু কুরবানী করবে। কিন্তু যাদের কুরবানী করার মত আর্থিক সংগতি নেই তারা দশটি রোযা রাখবে। হজ্বের ৯ তারিখ পর্যন্ত তিনটি আর হজ্ব সমাপনের পর সাতটি রোযা রাখতে হবে। এ সাতটি রোযা যেখানে এবং যখন সুবিধা, তখনই আদায় করতে পারে। হজ্বের মধ্যে যে ব্যক্তি তিনটি রোযা পালন করতে না পারে, ইমাম আবূ-‘হানীফা এবং কিছুসংখ্যক বিশিষ্ট সাহাবীর মতে তাদের জন্যে কুরবানী করাই ওয়াজিব। যখন সামর্থ্য হয়, তখন কারো মাধ্যমে ‘হারম শরীফে কুরবানী আদায় করবে।
তামাত্তু’ ও কিরানঃ হজ্বের মাসে হজ্বের সাথে ‘উমরাকে একত্রিতকরণের দু’টি পদ্ধতি রয়েছে। একটি হচ্ছে, মীকাত হতে হজ্ব ও ‘উমরাহ্র জন্যে একত্রে ই‘হরাম করা। শরী‘আতের পরিভাষায় একে ‘হজ্বে-কিরান’ বলা হয়। এর ই‘হরাম হজ্বের ই‘হরামের সাথেই ছাড়তে হয়, হজ্বের শেষদিন পর্যন্ত তাকে ই‘হরাম অবস্থায়ই কাটাতে হয়। দ্বিতীয় পদ্ধতি হচ্ছে এই যে, মীকাত হতে শুধু ‘উমরার ই‘হরাম করবে। মক্কা আগমনের পর ‘উমরার কাজ-কর্ম শেষ করে ই‘হরাম খুলবে এবং ৮ই যিল‘হাজ্ব তারিখে মিনা যাবার প্রাক্কালে ‘হারম শরীফের মধ্যেই ই‘হরাম বেঁধে নেবে। শরী‘আতের পরিভাষায় একে বলা হয় ‘তামাত্তু’ কিন্তু فَمَن تَمَتَّعَ এ সাধারণ অর্থেই ব্যবহৃত হয়েছে।
হজ্ব ও ‘উমরার আহকামের বিরুদ্ধাচরণ এবং তাতে গাফলতি করা শাস্তিযোগ্য অপরাধঃ শেষ আয়াতটিতে প্রথমে তাকওয়া অবলম্বন করার আদেশ দেয়া হয়েছে; যার অর্থ এসব নির্দেশের বিরুদ্ধাচরণ থেকে বিরত, সতর্ক ও ভীত থাকা বুঝায়। অতঃপর বলা হয়েছে-
وَاعْلَمُوا أَنَّ اللَّهَ شَدِيدُ الْعِقَابِ অর্থাৎ, যে ব্যক্তি জেনে শোনে আল্লাহর নির্দেশাবলীর বিরুদ্ধাচরণ করে, তার জন্য রয়েছে কঠোর শাস্তি। আজকাল হজ্ব ও ‘উমরাকারিগণের অধিকাংশই এ সম্পর্কে অসতর্ক। তারা প্রথমতঃ হজ্ব ও ‘উমরার নিয়মাবলী জানতেই চেষ্টা করে না। আর যদিও বা জেনে নেয়, অনেকেই তা যথাযথভাবে পালন করে না। অনেকেই দায়িত্ব-জ্ঞানহীন মু‘আল্লিম ও সঙ্গীদের পাল্লায় পড়ে অনেক ওয়াজিবও পরিত্যাগ করে। আর সুন্নত ও মুস্তাহাবের তো কথাই নেই। আল্লাহ সবাইকে নিজ নিজ আমল যথাযথভাবে পালন করার তাওফিক দান করুন।
হজ্বসংক্রান্ত ৮ টি আয়াতের মধ্যে দ্বিতীয় আয়াত ও তার মাসআলাসমূহঃ الْحَجُّ أَشْهُرٌ مَّعْلُومَاتٌ ۚ -‘আশহুরুন’ শব্দটি শাহরুন শব্দের বহুবচন। এর অর্থ, মাস। পূর্ববর্তী আয়াতে বলা হয়েছিল, যারা হজ্ব অথবা ‘উমরা করার নিয়তে ই‘হরাম বাঁধে, তাদের উপর এর সকল অনুষ্ঠানক্রিয়াদি সম্পন্ন করা ওয়াজিব হয়ে পড়ে। এ দু’টির মধ্যে, ‘উমরার জন্যে কোন সময় নির্ধারিত নেই। বছরের যে কোন সময় তা আদায় করা যায়। কিন্তু হজ্বের মাস এবং এর অনুষ্ঠানাদি আদায়ের জন্যে সুনির্দিষ্ট তারিখ নির্ধারিত রয়েছে। কাজেই এ আয়াতের শুরুতেই বলে দেয়া হয়েছে যে, হজ্বের ব্যাপারটি ‘উমরার মত নয়। এর জন্যে কয়েকটি মাস রয়েছে, সেগুলি প্রসিদ্ধ ও সুবিদিত। জাহেলিয়াতের যুগ থেকে ইসলামের আবির্ভাব পর্যন্ত এ মাসগুলোই হজ্বের মাসরূপে গণ্য হয়ে আসছে। আর তা হচ্ছে শাওয়াল, যিলকদ ও যিল‘হাজ্বের দশ দিন। আবু উমামাহ ও ইবনে ‘উমার (রদ্বিয়াল্ল-হু ‘আনহুমা) থেকে তা’ই বর্ণিত হয়েছে।- (মাযহারী)
হজ্বের মাস শাওয়াল হতে আরম্ভ হওয়ার অর্থ হচ্ছে, এর পূর্বে হজ্বের ই‘হরাম বাঁধা জায়েয নয়। কোন কোন ইমামের মতে শাওয়ালের পূর্বে হজ্বের ই‘হরাম করলে হজ্ব আদায়ই হবে না। ইমাম আবূ ‘হানীফার মতে হজ্ব অবশ্য আদায় হবে, কিন্তু মাকরুহ হবে।- (মাযহারী)
فَمَن فَرَضَ فِيهِنَّ الْحَجَّ فَلَا رَفَثَ وَلَا فُسُوقَ وَلَا جِدَالَ فِي الْحَجِّ ۗ
-এ আয়াতে হজ্বের ই‘হরামকারীদের জন্য নিষিদ্ধ কাজ-কর্মের কিছুটা বর্ণনা দেয়া হয়েছে। ই‘হরাম অবস্থায় যেসব বিষয় থেকে বিরত থাকা একান্ত কর্তব্য ও ওয়াজিব তা হচ্ছে ‘রফাছ’, ‘ফুসূক্ব’ ও ‘জিদাল’। ** ‘রফাস’ একটি ব্যাপক শব্দ, যাতে স্ত্রী-সহবাস ও তার আনুষঙ্গিক কর্ম, স্ত্রীর সাথে ঘনিষ্ঠভাবে মেলামেশা, এমনকি খোলাখুলিভাবে সহবাস সংক্রান্ত আলাপ-আলোচনাও এর অন্তর্ভু্ক্ত। ই‘হরাম অবস্থায় এ সবই ‘হারাম। অবশ্য আকার-ইঙ্গিত দূষণীয় নয়।
فُسُوق ‘ফুসূক’ -এর শাব্দিক অর্থ বের হওয়া। কুরআনের ভাষায় নির্দেশ লংঘন বা নাফরমানী করাকে ‘ফুসূক’ বলা হয়। সাধারণ অর্থে যাবতীয় পাপকেই ‘ফুসূক’ বলে। তাই অনেকে এস্থলে সাধারণ অর্থই নিয়েছেন। কিন্তু হযরত ‘আব্দুল্লাহ ইবনে ‘উমার (রদ্বিয়াল্ল-হু ‘আনহু) ‘ফুসূক’ শব্দের অর্থ করেছেন- সে সকল কাজ-কর্ম যা ই‘হরাম অবস্থায় নিষিদ্ধ। স্থান অনুসারে এ ব্যাখ্যাই যুক্তিযুক্ত। কারণ, সাধারণ পাপ ই‘হরামের অবস্থাতেই শুধু নয়; বরং সব সময়ই নিষিদ্ধ।
যে সমস্ত বিষয় প্রকৃতপক্ষে না-জায়েয ও নিষিদ্ধ নয়, কিন্তু ই‘হরামের জন্য নিষেধ ও না-জায়েয -তা হচ্ছে ছয়টিঃ
(১) স্ত্রী-সহবাস ও এর আনুষঙ্গিক যাবতীয় আচরণ; এমনকি খোলাখুলিভাবে সহবাস-সংক্রান্ত আলাপ-আলোচনা। (২) স্থলভাগের জীবজন্তু শিকার করা বা শিকারীকে বলে দেয়া। (৩) নখ বা চুল কাটা। (৪) সুগন্ধি দ্রব্যের ব্যবহার। এ চারটি বিষয় স্ত্রী-পুরুষ নির্বিশেষে সকলের জন্যেই ই‘হরাম অবস্থায় ‘হারাম বা নিষিদ্ধ।
অবশিষ্ট দু’টি বিষয় পুরুষের সাথে সম্পৃক্ত। (৫) সেলাই করা কাপড় পরিধান করা। (৬) মাথা ও মুখমণ্ডল আবৃত করা। অবশ্য মুখমণ্ডল আবৃত করা স্ত্রীলোকদের জন্যেও না-জায়েয।